বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নিয়োগপত্র-পরিচয়পত্রসহ আইনসম্মত অধিকার নিশ্চিত করতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

রাজশাহী প্রতিনিধি : / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল পেশা। পেশার মর্যাদা ও মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি তথ্যের যথার্থতা যাচাই, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনাকালে তিনি এসব কথা বলেন।

‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এ কর্মশালায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধি-বিধান যথাযথভাবে বাস্তবায়ন করা জরুরি। সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছে। সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও সুযোগ রয়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে দায়িত্বশীলভাবে এগিয়ে এলে সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্রসহ আইনসম্মত পেশাগত অধিকার নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলোকে সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও পেশাগত মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন বিচারপতি আব্দুল হাকিম। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের পাশাপাশি পেশাগত নৈতিকতা অনুসরণের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।

স্বাগত বক্তব্য দেন রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর সম্পদ ব্যক্তি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন।

কর্মশালায় রাজশাহী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। এতে সাংবাদিকদের পেশাগত অধিকার ও দায়িত্ব, সাংবাদিকতার নৈতিকতা, সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান এবং গণমাধ্যমের পেশাদারিত্ব নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর