কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
/ ১০
বার দেখা হয়েছে
আপডেট :
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন
“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন । সভাপতিত্ব করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগ কাজিপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিলরুবা খাতুন ।উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল হুদা তালুকদার, কৃষি অফিসার শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা ও সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, মানুষকে জীবনমুখী ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ঝরে পড়া শিশু, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও নিরক্ষর বয়স্কদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথি বলেন, “সাক্ষরতা মানুষের জীবনকে আলোকিত করে এবং আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই পারে উন্নত সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে। তাই কাজিপুরের কোনো মানুষ যেন নিরক্ষর না থাকে, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করা।