বর্তমান মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে মানসম্মত গল্পের তীব্র সংকট তৈরি হয়েছে বলে মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা ভারতীয় পরিচালক তিগমাংশু ধুলিয়া। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আজকের বাণিজ্যিক সিনেমা নির্মাণের ধরন নিয়ে কড়া সমালোচনা করেন।
একাধিক হিট ও বক্স অফিস কাঁপানো সিনেমার উদাহরণ টেনে ‘পান সিং তোমর’, ‘হাসিল’ এবং ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’ খ্যাত এই নির্মাতা বলেন, অতিরিক্ত করপোরেট সংস্কৃতির গ্রাসে এসে আজকাল মাত্র একধরনের সিনেমাই তৈরি হচ্ছে এবং মূলধারার ছবিগুলোতে আদতে বলার মতো কোনো গল্পই থাকছে না।
হিন্দি ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মেগা ব্লকবাস্টার সিনেমাগুলোর দিকে আঙুল তুলে তিগমাংশু ধুলিয়া জানান, বর্তমান করপোরেট সংস্কৃতির কল্যাণে প্রতিটি ছবিই একধরনের কাল্পনিক বায়োপিকে পরিণত হয়েছে। বাণিজ্যিক মূলধারার চলচ্চিত্রের উদাহরণ হিসেবে তিনি ‘পুষ্পা’, ‘কেজিএফ’ এবং সম্প্রতি মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ছবি ‘ধুরন্ধর’-এর নাম উল্লেখ করেন। তবে এই করপোরেট কাঠামোর কারণে স্বাধীন ও বৈচিত্র্যময় ভাবনার চলচ্চিত্রগুলো তাদের জায়গা হারিয়ে ফেলছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
নিজের নতুন চলচ্চিত্র ‘ঘামাসান’-এর ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ মুক্তির প্রাক্কালে পরিচালক আদিত্য ধরের জনপ্রিয় সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে খোলামেলা কথা বলেন তিগমাংশু। রণবীর সিং অভিনীত দুই পর্বের এই ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বজুড়ে প্রায় ৩ হাজার কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে। তিগমাংশু জানান, উপস্থাপন, চমৎকার সংগীত ও বিনোদনের দিক থেকে ‘ধুরন্ধর’-এর প্রথম পর্বটি তার ব্যক্তিগতভাবে যথেষ্ট ভালো লেগেছে। তবে প্রশংসা করার পাশাপাশি সিনেমার গল্প বা চিত্রনাট্য বিভাগটি আরও শক্তিশালী হতে পারত বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে ‘ধুরন্ধর’-এর গল্পের সীমাবদ্ধতা তুলে ধরে তিগমাংশু বলেন, যদি কাউকে ধুরন্ধরের মূল গল্পটি বলতে বলা হয়, তবে কেউ তা বলতে পারবে না। একজন ছদ্মবেশী লোক পাকিস্তানে গিয়ে সেখানে গিয়ে সবকিছু ধ্বংস করে তাণ্ডব চালাচ্ছে—এটাকে কি আদৌ কোনো গল্প বলা চলে? তিনি মনে করেন, চরম পুঁজিবাদ ও করপোরেট মানসিকতার কারণেই আজকের সিনেমাজগতে এ ধরনের একঘেয়ে প্রবণতার সৃষ্টি হয়েছে।
আজকের মূলধারার বিনোদনজগতের এই ধরন নিয়ে হতাশা প্রকাশ করে এই প্রবীণ পরিচালক আক্ষেপ করেন যে, বর্তমান চলচ্চিত্রে আর কোনো আসল গল্প খুঁজে পাওয়া যায় না। যেসব মানুষের মৌলিক গল্প বলার ক্ষমতা ছিল তারা আজ আর এই শিল্পে নেই, আর যারা নতুন গল্প বলতে চান তারা সুযোগ পাচ্ছেন না। কারণ প্রযোজক ও করপোরেট সংস্থাগুলো আগেই ধরে নেয় যে ভিন্ন ধাঁচের ছবি দর্শকরা গ্রহণ করবে না। একই চেনা টেমপ্লেটে সিনেমা তৈরি হওয়ার কারণে এখন সব চরিত্র ও অভিনেতাদের দেখতে একরকম লাগে, এমনকি তাদের চুল কাটার ধরন থেকে শুরু করে পর্দার শহরগুলোকেও এখন একইভাবে তুলে ধরা হচ্ছে।
উল্লেখ্য, তিগমাংশু ধুলিয়ার নতুন থ্রিলার ছবি ‘ঘামাসান’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি এবং প্রতীক গান্ধী। সিনেমাটি আগামী শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ মুক্তি পেতে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি