অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নিতে নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এসে ‘ক্যাজুয়াল কনট্রাক্ট’ বেছে নিয়েছেন ব্যাটার মার্ক চ্যাপম্যান। তার এই সিদ্ধান্তের কারণে খালি হওয়া কেন্দ্রীয় চুক্তির জায়গায় সুযোগ পেয়েছেন পেসার ম্যাথিউ ফিশার, যিনি প্রথমবারের মতো নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হলেন।
চ্যাপম্যান ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলবেন। তবে এর আগে নভেম্বরে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের সাদা বলের সিরিজে তাকে দেখা যাবে।
চ্যাপম্যানের বিগ ব্যাশের দল এখনো চূড়ান্ত হয়নি। তার মতো ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সাইফার্টও বর্তমানে ক্যাজুয়াল চুক্তিতে আছেন। এই ধরনের চুক্তির মাধ্যমে তারা নিউ জিল্যান্ডের ঘরোয়া মৌসুমের পরিবর্তে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান।
ভারত সফরের পরই চ্যাপম্যান অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন। বিগ ব্যাশ চলাকালীন সময়ে নিউ জিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজও চলবে। তবে চ্যাপম্যান দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটের পরিকল্পনার বাইরে আছেন—২০২৪ সালের পর তিনি কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি এবং এখনো টেস্ট অভিষেক হয়নি। ওই বছর ভারতের বিপক্ষে সিরিজে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি।
চলতি বছরে নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রাথমিক কেন্দ্রীয় চুক্তি তালিকা তৈরি হলে চ্যাপম্যান নিজেই টেস্ট বিবেচনা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
তার সরে দাঁড়ানোর ফলে কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পান ফাস্ট বোলার ম্যাট ফিশার। ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া ফিশার এখন পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টিও খেলেছেন।