মেজর লিগ সকারে মুখোমুখি হয়েছিলেন বার্সেলোনার সাবেক দুই তারকা লিওনেল মেসি ও রবার্ট লেয়ানডস্কি। শিকাগো ফায়ার এফসি ও ইন্টার মায়ামির জমজমাট লড়াই হলেও শেষপর্যন্ত জয়ের দেখা পায়নি শেষপর্যন্ত কেউই। ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
বৃহস্পতিবার ভোরে প্রথমেই দারুণ এক গোলে শিকাগো ফায়ার এফসিকে এগিয়ে দেন লেয়ানডস্কি। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি।
এই ম্যাচে মূল আকর্ষণ ছিল মেসি ও লেয়ানডস্কির দ্বৈরথ। যুক্তরাষ্ট্রের লিগে এই প্রথম দেখা হয়েছে আধুনিক ফুটবলের এই দুই বড় নাম। সোলজার ফিল্ডে ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক। শিকাগো ফায়ারের ঘরের মাঠে কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড এটি।
মাঠের খেলায় ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। লেভানডফস্কির গোলে ১-০ লিড নেয় শিকাগো। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে পোলিশ তারকার এটি ছিল ষষ্ঠ গোল।
বিরতির পর অবশ্য দ্রুতই ম্যাচে ফেরে মায়ামি। ৪৮তম মিনিটে মেসির নিখুঁত কর্নার থেকে কাসেমিরো শক্তিশালী হেডে গোল করে স্কোর ১-১ করেন। চলতি মৌসুমে এটি কাসেমিরোর তৃতীয় গোল। এই গোলে মেসিও গড়েছেন নতুন কীর্তি। চলতি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি, যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ।
সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় মায়ামি। কিন্তু শিকাগোর রক্ষণ ও গোলকিপারকে আর পরাস্ত করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে মায়ামির গোলকিপার ডেইন সেন্ট-ক্লেয়ারও দুটি গুরুত্বপূর্ণ সেভ করে স্বাগতিকদের গোলবঞ্চিত রাখেন।
এই ড্রয়ে ২৪ ম্যাচে মায়ামির পয়েন্ট হলো ৪৪। আট ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। শিকাগোর জন্যও এটি টানা চতুর্থ ড্র। টানা সাত ম্যাচ অপরাজিত থাকার ধারায় রয়েছে তারা। ঘরের মাঠে চলতি মৌসুমে ১১ ম্যাচে সাতটি জয় পেয়েছে শিকাগো।