‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ এই সম্প্রীতির বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ তুহিন। এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
রাজাপুর ইউনিয়নের আওতাধীন বিভিন্ন এলাকার পূজামণ্ডপে যান রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াদুদ তুহিন।
সেখানে পৌঁছে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত এবং উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তা ও সার্বিক পরিবেশের খোঁজ নেন তিনি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আয়োজকদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি প্রতিটি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ব্যক্তিগত অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ উৎসব উদ্যাপন করবে এটাই আমাদের ঐতিহ্য। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের নিরাপত্তায় আমরা সবসময় পাশে আছি।”
একইসঙ্গে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ কামনা করে সবার দোয়া, আশীর্বাদ ও সমর্থন চান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু খালেদ রাজ্জাক। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তুহিনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন।