রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টায় পল্লবী সিরামিক্স রোডে ’মিরপুর সুপার লিং’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি বলেন, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।
অন্যদিকে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন টিবিএসকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে