জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমায় পরবর্তী ০০৭ চরিত্রে রবার্ট প্যাটিনসনের নাম চূড়ান্ত হওয়ার পর এবার আলোচনায় উঠে এসেছে তার বিপরীতে অভিনয় করতে যাওয়া নারী চরিত্রটি। কে হচ্ছেন নতুন ‘বন্ড গার্ল’, তা নিয়ে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা। সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় ভক্তদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ‘ট্রু ডিটেকটিভ’, ‘মেফেয়ার উইচেস’ ও ‘দ্য হোয়াইট লোটাস’খ্যাত অভিনেত্রী আলেকজান্দ্রা ড্যাডারিওর নাম।
তবে নতুন বন্ড গার্ল হিসেবে এখন পর্যন্ত কোনো অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যামাজন এমজিএম। রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে চূড়ান্ত করার খবর প্রকাশিত হলেও আসন্ন সিনেমার অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি। ফলে ড্যাডারিওসহ যেসব অভিনেত্রীর নাম আলোচনায় রয়েছে, সেগুলোকে আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচনা করতে হচ্ছে।
সম্ভাব্য বন্ড গার্ল নির্বাচন নিয়ে আলোচনায় বিনোদনবিষয়ক সাময়িকী ‘দ্য হলিউড রিপোর্টার’-এর একটি প্রতিবেদন বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্যাটিনসন যে ০০৭ চরিত্রের জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলেন, সেই খবরও প্রথম প্রকাশ করেছিল সাময়িকীটি। গত ২৩ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে পরবর্তী বন্ড গার্ল হওয়ার সম্ভাবনায় এগিয়ে থাকা কয়েকজন অভিনেত্রীর নাম তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বুকমেকারদের পূর্বাভাসে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমার অভিনেত্রী মার্গারেট কোয়ালি। তার পরেই রয়েছেন ‘ইউফোরিয়া’খ্যাত সিডনি সুইনি। তালিকায় আরও আছেন ‘দ্য কুইনস গ্যাম্বিট’-এর অভিনেত্রী আনিয়া টেলর-জয় এবং ‘ডুন’ সিনেমার দুই তারকা জেনডায়া ও ফ্লোরেন্স পিউ।
তবে লক্ষণীয় বিষয় হলো, বুকমেকার প্রতিষ্ঠান অডসচেকার ও বেটঅনলাইন-এর প্রকাশিত সম্ভাব্য অভিনেত্রীদের সংক্ষিপ্ত তালিকায় আলেকজান্দ্রা ড্যাডারিওর নাম ছিল না। তারপরও তাকে সম্ভাবনার বাইরে রাখার সুযোগ নেই বলে মনে করছেন ভক্তদের অনেকে।
এর পেছনে উদাহরণ হিসেবে উঠে আসছে রবার্ট প্যাটিনসনের বন্ড হওয়ার ঘটনা। একই প্রতিবেদনে ০০৭ চরিত্রে তার অভিনয়ের সম্ভাবনা মাত্র ৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছিল। অথচ শেষ পর্যন্ত তাকেই বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অর্থাৎ বুকমেকারদের পূর্বাভাস সব সময় চূড়ান্ত সিদ্ধান্তের প্রতিফলন ঘটায় না।
প্যাটিনসনের স্ক্রিন টেস্টের খবর প্রকাশের পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রযোজকদের সিদ্ধান্তে প্রভাব ফেলে থাকলে ড্যাডারিওর ক্ষেত্রেও ভক্তদের আগ্রহ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নতুন বন্ড গার্ল হিসেবে দেখতে চাওয়ার যে উন্মাদনা তৈরি হয়েছে, তা শেষ পর্যন্ত কাস্টিংয়ে কোনো প্রভাব ফেলবে কি না, সেটিই এখন দেখার বিষয়।