মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেটফ্লিক্সে ঝড় তুলেছে ‘পসিবল লাভ’, যে গল্পে মুগ্ধ দর্শক-সমালোচক

অনলাইন ডেস্ক: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
- পসিবল লাভ সিনেমার দৃশ্য

তিন ঘণ্টার ধীরগতির সিনেমা। সাধারণত এমন ছবির প্রতি দর্শকদের আগ্রহ খুব একটা দেখা যায় না। তবে সেই ধারণা বদলে দিয়েছে দক্ষিণ কোরিয়ার নির্মাতা লি চ্যাং-দংয়ের নতুন সিনেমা ‘পসিবল লাভ’। নেটফ্লিক্সে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকার শীর্ষে উঠে এসেছে ছবিটি। রবিবার সকালেও অবস্থান ধরে রেখেছিল প্রথম স্থান।

শুক্রবার বিকেল পাঁচটায় নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এটি। নেটফ্লিক্স প্রতিদিন প্রতিটি দেশের জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকের তালিকা প্রকাশ করে। ২০২৩ সাল থেকে কোনো সিনেমা বা ধারাবাহিক মোট যত ঘণ্টা দেখা হয়েছে, সেই সময়কে কনটেন্টটির দৈর্ঘ্য দিয়ে ভাগ করে তালিকার অবস্থান নির্ধারণ করা হয়।

‘পসিবল লাভ’ মুক্তির আগে সোমবার নেটফ্লিক্সে প্রকাশ করা হয় নির্মাতা লি চ্যাং-দংয়ের ২০২২ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হার্টবিট’। ২৮ মিনিটের এই ছবির সঙ্গে নতুন সিনেমার গল্পের একধরনের যোগসূত্র রয়েছে। এতে ধর্মঘটের প্রভাবে একটি পরিবারের জীবনে নেমে আসা সংকট তুলে ধরা হয়েছে।

ছবিতে দেখা যায়, এক ছোট ছেলে ও তার সংগ্রামী মা-বাবার জীবন। ‘পসিবল লাভ’ সিনেমায় দম্পতির চরিত্রে অভিনয় করা জিওন দো-ইয়ন ও সুল কিয়ং-গুও স্বল্পদৈর্ঘ্য ছবিটিতেও অভিনয় করেছেন।

নেটফ্লিক্সে মুক্তির আগে ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ কোরিয়ার নির্বাচিত কয়েকটি প্রেক্ষাগৃহে দুই সপ্তাহ প্রদর্শিত হয় ‘পসিবল লাভ’। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের হিসাব অনুযায়ী, ওই সময়ে ছবিটি দেখেছেন ২ লাখ ৩০ হাজার ৪৭২ জন দর্শক।
সিনেমাটির গল্পে উঠে এসেছে ভিন্ন সামাজিক শ্রেণির দুটি দম্পতির জীবন। একটি তথ্যচিত্র নির্মাণের সূত্র ধরে তাদের জীবনের পথ এক হয়ে যায়।

ছবিতে সুল কিয়ং-গুও ও জিওন দো-ইয়ন অভিনয় করেছেন চাকরি হারানো এক কারখানাশ্রমিক ও তাঁর স্ত্রীর চরিত্রে। অন্যদিকে ধনী স্বামীর সঙ্গে তাঁদের জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে আসেন পরিচালক চরিত্রের চো ইয়ো-জং। ধনী স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন জো ইন-সাং।

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘বার্নিং’-এর পর এটিই লি চ্যাং-দংয়ের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির প্রথম প্রদর্শনী হয়। সেখানে উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারও জিতে নেয় সিনেমাটি। এরপর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে এটি। অনেকের বিবেচনায়, চলতি বছরের অন্যতম সেরা চলচ্চিত্র ‘পসিবল লাভ’।

শুধু দর্শক ও সমালোচকদের প্রশংসাই নয়, আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চেও জায়গা করে নিয়েছে সিনেমাটি। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অস্কারের জন্য দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছে এটি। পাশাপাশি গথাম অ্যাওয়ার্ডসের তিনটি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। এর মধ্যে জিওন দো-ইয়নের জন্য রয়েছে সেরা প্রধান অভিনয়শিল্পীর মনোনয়ন।

তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পথ সহজ ছিল না নির্মাতার জন্য। লি চ্যাং-দং স্থানীয় গণমাধ্যমকে একাধিকবার জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় ছবিটি নিয়মিত প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য কোনো বিনিয়োগকারী পাননি তিনি। পরে নেটফ্লিক্স সিনেমাটির সঙ্গে যুক্ত হয়। নির্মাতাকে প্রেক্ষাগৃহে প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে মুক্তির নিশ্চয়তাও দেয় এই সম্প্রচারমাধ্যম।

সূত্র: নেটফ্লিক্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর