বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দেশের জন্য কঠিন প্রভাব ফেলছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সামনে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে।
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের সামনে ভালো সময় নেই, কঠিন সময় মোকাবিলা করতে হবে। তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এসব সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।”
ধর্মকে পুঁজি করে রাজনীতি করারও কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, “একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না, আমরা কাজ করে বেহেশতে যাব। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। ধর্ম ব্যবহার করা যায় না।”
তিনি আরও বলেন, “তেল সংকটের জন্য সরবরাহ কমছে, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। আমরা কঠোর হস্তে তা দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোন কাজ করতে দেব না।”
কৃষকদের বর্তমান সমস্যার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে, আলু শুয়ে পড়েছে। নির্বাচনের আগে আমরা কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় কাজ করছেন। ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, সারা দেশে কয়েক কোটি নারী এতে সহযোগিতা পাবে।”
তিনি জানান, দেশব্যাপী ২০ হাজার খাল খনন করা হবে এবং সব প্রজেক্ট সম্পন্ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় কর্মকর্তারা এবং বিএনপির নেতারা।