পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান। সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ঈদ শেষে এরই মধ্যে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে মানুষের ভিড় লক্ষ করা গেছে।
গত শনিবার দেশে উদযাপিত হয় মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি। টানা সাত দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও।
তবে ঈদের পর অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।
ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি কাটাচ্ছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)। তাদের ছুটিও শেষ।