নিজের গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন তিনি।
অভিযোগে শেখ হাসিনা ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত সবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ভুক্তভোগী মশিউর রহমান জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি গুমের শিকার হন তিনি। ওইদিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককে যাওয়ার পথে সাদা পোশাকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এরপর হাতে হাতকড়া ও চোখ বাঁধা অবস্থায় তাকে ৬ মাস আটকে রাখা হয়।
পরবর্তীতে একই বছরের ২৩ আগস্ট তাকে ডিবি হেফাজতের গারদে নেওয়া হয়। এর দু’একদিন পর আদালতে তোলা হলে দুই দফায় রিমান্ড শেষে প্রায় ২ বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এরপর উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন এই নেতা।