রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-১ এলাকায় ছুরিকাঘাতে ইয়ারুল (২২) নামে এক জুতার দোকান কর্মচারী আহত হয়েছেন। রবিবার (৩ মে) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ‘সেভেনাপ কালেকশন’ নামের জুতার দোকান বন্ধ করে বের হওয়ার পর রাস্তায় পেছন থেকে এক যুবক ইয়ারুলের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোকান মালিক মজনু আহামেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
দোকান মালিক মজনু মিয়া জানান, সানি নামে এক দোকান কর্মচারীর সঙ্গে ইয়ারুলের পূর্ব বিরোধ ছিল। সেই শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত ইয়ারুলের বাসা পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবককে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর অভিযুক্তকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।