সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ জুন শনিবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে কোস্ট গার্ডের দলটি ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ২১ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ কোটি ২৫ লক্ষ টাকা।
এ ঘটনায় ৬ জন চোরাচালানকারীকে আটক
করা হয়েছে। জব্দকৃত জাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, মৎস্যসম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।