পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইনে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম– মো. বখতিয়ার আবিদ খান (২১)। তিনি Bangladesh Concert & Event Connects (BCEC) নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন বলে জানিয়েছে সিআইডি।
শনিবার (১৮ জুলাই) সিআইডির মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট সড়কসংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করছে Event Sajai ও Main Stage Inc। এ কনসার্টের টিকিট বিক্রির জন্য আয়োজকেরা GetMyTicket.live–এর সঙ্গে চুক্তি করে ৮ জুলাই থেকে প্রচারণা শুরু করেন।
এ সময় আয়োজকদের নজরে আসে, Bangladesh Concert & Event Connects (BCEC) নামের একটি ফেসবুক গ্রুপে বাতিল হওয়া একটি পুরোনো কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্ট সরিয়ে নেওয়ার পরিবর্তে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা না দিলে তিনি এ ধরনের পোস্ট অনুমোদন অব্যাহত রাখবেন এবং আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানি করবেন বলে হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের আয়োজক নিশা মাহবুবা সালাম রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেন।
মামলার তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ১৬ জুলাই বিকালে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১১ জব্দ করা হয়।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতিয়ার আবিদ স্বীকার করেছেন যে, তিনি Bangladesh Concert & Event Connects (BCEC) ফেসবুক গ্রুপের অ্যাডমিন এবং Ak Abid Khan নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করতেন।
গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।