পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। রবিবার (১৯ জুলাই) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রেখেছেন এমন বাছাই করা ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠান শুরুর আগে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফউল্লাহ।
এরপর স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে মহাপরিচালকের প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন।
মহাপরিচালকের প্রশংসা প্রাপ্তদের মধ্য থেকে দুই জন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেন তার প্রতিক্রিয়ায় ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সারা দেশের প্রশাসনিক ও অপারেশনাল কাজের প্রতি মহাপরিচালকের নজরদারির বিষটির প্রশংসা করেন এবং এ জন্য তিনি মহাপরিচালকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এরপর বক্তব্য দেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। প্রধান অতিথির ভাষণে মহাপরিচালক সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি তার বক্তবে পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
জীবন ও সম্পদ সুরক্ষার বিষয়ে অগ্রাধিকারের উল্লেখ করে তিনি বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠান বিধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
অনুষ্ঠানে অধিদফতরের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান।