স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষন ঠিক না হলেও সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও সমাবেশ শুরু করেছে। পাড়া-মহল্লায় ব্যানার ফেস্টুন লাগিয়ে প্রার্থীরা নিজেদের জানান দিচ্ছেন। শনিবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিনের পক্ষে এলাকাবাসীর উদ্যোগে খোকশাবাড়ী হাসপাতাল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে খোকশাবাড়ী গ্রামের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ এলাকার মুরুব্বী ও জনসাধারন অংশগ্রহন করেন। 
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন, এলাকার মুরুব্বী জাহাঙ্গীর আলম, ছমির উদ্দিন, খাদেম আলী, রফিকুল ইসলাম, আব্দুল বারেক, ডা. শাকির আহমেদ, হাসান আলী, বেলাল হোসেন, হাসান আলী, শাহজাহান আলী, আলাল উদ্দিন ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৫নং খোকশাবাড়ী ইউনিয়নটি খোকশাবাড়ী গ্রামের নামের ভিত্তিতে হয়েছে। অথচ এই গ্রাম থেকে কখনো কেউ চেয়ারম্যান প্রার্থী হয়নি। আজ এলাকার মুরুব্বী, ছাত্র ও যুব সমাজ একত্রিত হয়ে গ্রামের শিক্ষিত ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিনকে চেয়ারম্যান হিসেবে আমরা ঘোষনা করছি।
খোকশাবাড়ী গ্রামবাসী তাকে নিরঙ্কুশ সমর্থন করছি। আমরা আশা করছি বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি থেকে ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিনকে বিগত সময়ে দলের জন্য ত্যাগ মুল্যায়ন করে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোয়ন দিবেন। ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন মনোনয়ন পেলে খোকশাবাড়ীবাসী একযোগে কাজ করে তাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। 
সমাবেশে ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন বলেন, বিগত সময়ে দলের জন্য কাজ করেছি। দলের দুর্দিনে দলীয় কর্মীদের পাশে থেকে সহায়তা করেছি। খোকশাবাড়ী গ্রামের মানুষের ইচ্ছাকে সমর্থন জানিয়ে ইউনিয়নের উন্নয়ন ও ইউনিয়নবাসীর সেবা করতে নিজেকে নিয়োজিত করতে প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছি। আশা করছি দল মনোনয়ন দিলে দলমত নির্বিশেষে সকলের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারব।