মিশরের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
বুধবার সকালে দক্ষিণ সিনাই প্রদেশের লোহিত সাগর উপকূলবর্তী দাহাব ও নুয়েইবা শহরের মধ্যবর্তী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিশরীয় ও জর্ডানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে জর্ডানের নাগরিকও রয়েছেন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নেয়ার জন্য প্রায় ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দাহাব ও নুয়েইবা অঞ্চলটি মিশরের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক সেখানে ভ্রমণ করেন।
মিশরে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বেপরোয়া গাড়ি চালানো ও সড়কের দুর্বল রক্ষণাবেক্ষণকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে, গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় ইসমাইলিয়া প্রদেশে দুটি লরির সংঘর্ষে ১৮ জন নিহত ও ৩০ জন আহত হন।