কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মাঝে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড জাহাজ ‘তাজউদ্দিন’ থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় সেন্টমার্টিনের ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, ভবিষ্যতেও দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।