আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খোকশাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান চাঁন। ১৬ সেপ্টেম্বর বাদ এশা নওদা তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ গ্রাম চন্দ্রকোণার গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মতবিনিময় সভায় আবু রায়হান চাঁন বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে তিনি খোকশাবাড়ি ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টন এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মৃদুল, সদস্য সচিব মেহেদী হাসান হৃদয়, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক মিলন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আবু রায়হান চাঁনের রাজনৈতিক কর্মকাণ্ড ও স্থানীয় পর্যায়ে তার সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
উল্লেখ্য, আবু রায়হান চাঁন সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। এছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ঘটনায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।