সিরাজগঞ্জের সীমান্তবাজার এলাকা থেকে রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভোররাত ১টার দিকে কাজিপুর থানা পুলিশ সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করেন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। গ্রেফতারকৃত নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, রবিবার রাতে সিরাজগঞ্জ ও কাজিপুর উপজেলার সীমান্তবর্তী সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছিল কাজিপুর থানা পুলিশ। রাত ১টার দিকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এক আরোহী দ্রুত লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল চালক নাসিম হোসেনকে আটক করে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে থাকা একটি রিভলবার ও ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, এ ঘটনায় কাজিপুর থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান ও কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।