চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা চুড়িগুলোর ওজন ১ কেজি ৪৮০ গ্রাম। শুল্ক-করসহ এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।
রবিবার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে সউদী আরবের জেদ্দা থেকে আসেন যাত্রী মো. শরিফ। তাঁর পাসপোর্ট নম্বর A01009640। বিমানবন্দরে নেমে স্বর্ণালংকারের ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার চেষ্টা করেন তিনি।
এ সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে সন্দেহের ভিত্তিতে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে তাঁর হ্যান্ডব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ৪৯টি স্বর্ণের চুড়ি পাওয়া যায়।
পরে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।