পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
মঙ্গলবার অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন। এর আগে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা দেওয়া হয়।
তাঁর এ অর্জনে পুলিশ বিভাগের সহকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেছেন। দায়িত্ব পালনে নিষ্ঠা, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, পরপর চার মাসে চারবার শ্রেষ্ঠত্ব অর্জন তাঁর পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য সাফল্য। এ অর্জনের জন্য তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সহকর্মী ও থানার সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জ সদর থানার পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ সহজে পুলিশি সেবা পাবেন।