বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
/ ৪৪
বার দেখা হয়েছে
আপডেট :
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা, বিভিন্ন শ্রেণির ভর্তি পরীক্ষা, আসনসংখ্যা, আবেদন ফরমের মূল্য, ভর্তি ফি এবং সংরক্ষিত কোটা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ৬ বছর এবং ৭ বছরের কম হতে হবে। অর্থাৎ ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিটি শ্রেণির একেকটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
যেভাবে হবে ভর্তি পরীক্ষা
প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে ডিজিটাল লটারির মাধ্যমে। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীদের সমসংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করা হবে। পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন নির্ধারণ করা হয়েছে এভাবে—
শ্রেণি বাংলা ইংরেজি গণিত পূর্ণমান সময়
দ্বিতীয়-তৃতীয় ১৫ ১৫ ২০ ৫০ ১ ঘণ্টা
চতুর্থ-নবম ৩০ ৩০ ৪০ ১০০ ২ ঘণ্টা
আবেদন ফরমের দাম কত
আবেদন ফরমের মূল্যও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের দাম সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নেওয়া যাবে। এ ছাড়া আবেদন ফরম বিতরণের জন্য অন্তত সাত কার্যদিবস সময় দিতে হবে।
এছাড়া ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা এবং আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি সর্বোচ্চ ৩,০০০ টাকাসহ) নির্ধারণ করা হয়েছে।
সংরক্ষিত কোটার বিষয়ে নীতিমালায় জানানো হয়, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদর বা সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে।