বগুড়ার শেরপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু, আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দর ও মাসুদ রানা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুবেল আমিনসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হচ্ছে।
কৃষি প্রণোদনার মাধ্যমে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।