নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, কেবল রাস্তা তৈরি করেই একটি জনপদের উন্নয়ন করা যায় না। ওই রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো সন্তান যদি সম্পদে পরিণত না হয়, তাহলে কোন দিন উন্নত হয় না। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ঘরের সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি যদি ছোট হয়, আমাদের স্বপ্ন যদি ছোট হয়,তাহলে কিন্তু মানুষ আমাদের ঠকাবেই। কেবল অবকাঠামোগত উন্নয়নে আমরা ভবিষ্যতে সন্তুষ্ট থাকতে চাই না। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, আমরা মা-বোনদের যথাযথ ইজ্জত-সম্মান নিশ্চিত করতে চাই। আমরা কৃষকদের সম্মান নিশ্চিত করতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ লালপুর-বাগাতিপাড়ায় গড়ে তুলতে চাই। যে পরিবেশে তারা স্কুল কলেজে পড়াশোনা করে দেশের জন্য, এলাকার জন্য এবং পরিবারের জন্য সম্পদ হিসেবে গড়ে উঠবে, বোঝাই হিসেবে নয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে পুতুল বলেন, যারা অন্যান্য প্রার্থী আছেন তাদেরকে স্বাগত জানাই। নির্বাচন এমন একটি খেলা, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবেই। কিন্তু ফাউল করতে গেলে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হবে।ফাউল করা বন্ধ করেন।
এসময় লালপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ উদ্দিন, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক হজরত আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।