কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ জুন) রাত ১০টার দিকে টেকনাফ থানার নাইট্যং পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত গাঁজার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।