টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকিতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় উদ্ধার, সচেতনতামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া, পানিবন্দী মানুষকে উদ্ধার, মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করছেন।
শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামান এ তথ্য জানান
তিনি বলেন, উখিয়া, কক্সবাজার সদর, পেকুয়া, চকরিয়া ও মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনসার ও ভিডিপির সদস্যরা পাহাড়ধস ও বন্যার ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন। পাশাপাশি নৌকাযোগে উদ্ধার, সড়কে পড়ে থাকা গাছ ও মাটি অপসারণ, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সতর্ক করা এবং আশ্রয়কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী সদস্যরাও দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দুর্যোগকালীন মানবিক দায়িত্ব পালনে তারা সর্বদা প্রস্তুত। জনগণের জীবন ও সম্পদের সুরক্ষায় চলমান উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।