বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর(এসআই) ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। 
সমাপনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্যোশ্যে বক্তব্য দেন আইজিপি। তিনি বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখা বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধের পরিচয় দিতে হবে।
আইজিপি আরও বলেন, সমাজের সকল শ্রেনি পেশার মানুষের জানমাল রক্ষা, অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়নে পুলিশ সদস্যদের আরও দক্ষ ও জনবান্ধব হয়ে উঠতে হবে। জনগনের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে পুলিশ বাহিনীকে একটি আধুনিক স্মার্ট ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘থানায় সেবা নিতে আসা প্রার্থীরা যেন কখনও আপনাদের আচরণে কষ্ট না পায়। আপনারা জনগণের সেবক। সেই কথা মাথায় রেখে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন’।
সমাপনী কুচকাওয়াজে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর-২০২৫ ব্যাচের ৫০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯ জন নারী ও ৪৮১ জন পুরুষ। জনাব মোঃ আলী হোসেন ফকির, সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন। পরে নবীন এসআইদের শপথ গ্রহন ও কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 
এ সময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপ্যাল ও এডিশনাল আইজিপি জি এম আজিজুর রহমান, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ,ভাইস-প্রিন্সিপাল বাসুদেব বণিক এনডিসি, পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লজিস্টিক) শুভ কুমার ঘোষসহ পুলিশের উধ্বোর্তন কর্মকর্তা, প্রশিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।