রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
শনিবার (১৮ জুলাই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে বিমানবন্দরের প্রবেশ গেটে দায়িত্ব পালনকালে এপিসি মো. সাইফুল ইসলাম, আনসার সদস্য মো. মিরাজ উদ্দিন এবং আনসার সদস্য বিপুল রায় দেখতে পান, মো. শুভ (২৮) নামে এক ব্যক্তি একজন সহযাত্রীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে ঘটনাস্থলেই হাতেনাতে আটক করেন। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।