নারায়ণগঞ্জের সাইনবোর্ড গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পৃথক দুই অভিযানে মোট ২৪ হাজার ৬৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা সাইনবোর্ড গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এর আগে গত ১৭ জুলাই একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে প্রায় ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছিল।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত পলিথিন বিনষ্ট করার জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।