ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার কয়েকদিন পর জনমানবহীন একটি দ্বীপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে ভাসমান অবস্থায় পাঁচজনকে উদ্ধারের ঠিক পরদিনই এই দুজনকে পাওয়া গেল।
গত বুধবার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণে সেলায়ার দ্বীপের কাছে ৭০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। রবিবার উদ্ধারকারীরা ভাসমান বস্তুর সাহায্যে একটি ছোট দ্বীপে পৌঁছানো এক নারী ও এক পুরুষকে খুঁজে পান। তবে এই দুজন জানান, দুর্বল হয়ে পড়ায় তাদের সঙ্গে থাকা আরও চারজন ভেসে গেছেন।
স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার বলেন, আশা করছি, আমরা তাদের সঙ্গীদের খুঁজে পাব।
এর আগে শনিবার একদল জেলে তিন দিন ধরে সাগরে ভেসে থাকা সাত বছরের এক শিশুসহ পাঁচজনকে উদ্ধার করেন। দড়ি দিয়ে বাঁধা জেরিকেন ও কর্কের টুকরোর ওপর ভেসে ছিলেন তারা। দিনভর সাগরে ভাসতে থাকা এই ক্লান্ত মানুষগুলো কেবল ইনস্ট্যান্ট নুডলস ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন। এছাড়া বৃহস্পতিবার আরও অন্তত ৫০ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মীরা জানান, নৌকার নথিতে ৫০ জন যাত্রীর কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে ৭৮ জন ছিলেন। এখনও নিখোঁজ ১৮ জনের সন্ধানে পাঁচটি বড় জাহাজ, একটি বিমান ও একটি হেলিকপ্টার তল্লাশি চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় নৌকার নথির সঙ্গে প্রকৃত যাত্রীর সংখ্যার অমিল একটি সাধারণ ঘটনা। শিথিল নিরাপত্তা ব্যবস্থা ও বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।