নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে ওই ব্যক্তি পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পাসপোর্ট অফিসে আসেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্যের সন্দেহ হলে তাকে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কক্ষে নেওয়া হয়। যাচাইয়ের সময় তিনি রোহিঙ্গা হিসেবে শনাক্ত হন।
টহলরত আনসার সদস্য মো. জামিয়ার রহমান, মো. মাসুদ খান এবং প্রধান ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য মো. রিফাত তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে নিশ্চিত হওয়া যায়, তিনি কক্সবাজারের বালুখালী-২ (এ-১৫) রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় জানা যায়। তার নাম এবাদুল্লাহ, পিতা সালামুল্লা। তিনি রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা হওয়া সত্ত্বেও মো. হাবিবুর রহমানের ছেলে পরিচয় ব্যবহার করে কক্সবাজারের রামু উপজেলার শাহ মোহাম্মদ পাড়া গ্রামের ভুয়া ঠিকানা দিয়ে পাসপোর্টের আবেদন করেছিলেন।
পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের নির্দেশনায় আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, পাসপোর্ট অফিসসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা এবং জালিয়াতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।