রাজধানীর যাত্রাবাড়ীতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় এ অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালি সার্কেলের একটি দল অভিযানে অংশ নেয়।
রাতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. মেহেদী হাসান এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী সোহাগ এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ডি-৯ নম্বর আসনে বসা জাহিদুল ইসলাম (৫১) নামের এক যাত্রীর সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মধ্যে ৭৪ বোতল ইএসকেইউএফ এবং ২৬ বোতল ফেয়ারডিল ব্র্যান্ডের ছিল।
অভিযানে জাহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।