সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা ‘অ্যানিমেল’ বক্স অফিসে সাফল্য পেলেই সবাইকে কেন সেই একই পথ অনুসরণ করতে হবে—বলিউডের এই ‘ভেড়ার পালের’ মতো অন্ধ অনুকরণপ্রবৃত্তির কঠোর সমালোচনা করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। হিন্দি চলচ্চিত্রশিল্পের দ্রুত ট্রেন্ড পরিবর্তনের প্রবণতা ও ব্যবসায়িক কাঠামোর সীমাবদ্ধতা নিয়ে সম্প্রতি এক খোলামেলা আলোচনায় অংশ নিয়ে তিনি মন্তব্য করেন যে, আমাদের ইন্ডাস্ট্রিতে একটি সিনেমা সফল হলেই সবাই মূল মৌলিক চিন্তাভাবনা ছেড়ে সেই একই ধারা তৈরি করতে ঝাঁপিয়ে পড়ে।
যুবার আয়োজিত সাম্প্রতিক এক টাউনহল আলোচনায় বর্তমান সময়ের হিন্দি সিনেমা, পরিবর্তনশীল চলচ্চিত্র নির্মাতা এবং দর্শকদের রুচিবোধ নিয়ে কথা বলেন কারিনা। তিনি বলেন, বর্তমানে দর্শক ও নির্দেশক—দুই পক্ষই ভিন্ন ধাঁচের গল্প নিয়ে কাজ করতে ও দেখতে আগ্রহী হচ্ছেন। তবে এর মাঝেই বলিউডের পুরানো অনুকরণপ্রবণতা দেখা যাচ্ছে। কোনো একটি নির্দিষ্ট ধারার ছবি ব্যবসা করলেই পুরো ইন্ডাস্ট্রি সেই দিকে ঝুঁকতে শুরু করে।
হিন্দি চলচ্চিত্রের এই প্রচলিত ধারণার ওপর ক্ষোভ প্রকাশ করে কারিনা বলেন, আমাদের দর্শকরা আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি চতুর ও সচেতন। সিনেমাটি ভালো কি না, তা তারা খুব ভালো করেই বুঝতে পারেন এবং মানসম্পন্ন কাজ হলে তা দেখতে প্রেক্ষাগৃহে যান। তাই আজকের দিনে সিনেমা মানেই শুধু তরুণ বয়সের প্রেমকাহিনি নয়। এসব ধারণা এখন বেশ পুরোনো হয়ে গেছে। এই যেমন এখন সংঘাত বা ভায়োলেন্সের একধরনের প্রবণতা চলছে। ‘অ্যানিমেল’ ছবিটি সুপারহিট হয়েছে বলেই কি সবাইকে এখন সহিংসতা নির্ভর ছবি বানাতে হবে? আমাদের মানসিকভাবে এই ভেড়ার পালের মতো আচরণ ছাড়া আর কী-ই বা বলা যেতে পারে। তবে এর মধ্যেও কিছু চলচ্চিত্র নির্মাতা আছেন যারা সম্পূর্ণ আলাদা কিছু তৈরি করতে চান, যা মানুষকে ভাবায়। তাদের নিজস্ব অনুরাগীও রয়েছে। আমার মনে হয় পরিস্থিতি এখন ধীরে ধীরে পাল্টাচ্ছে। এখন ট্রেলার দেখেই দর্শকরা ঠিক করেন, তারা ছবিটি দেখতে চান কি না।
চলচ্চিত্রের ব্যবসায়িক সমীকরণ এবং তরুণ প্রজন্মের রুচি সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করে কারিনা আরও যুক্ত করেন, এখনকার তরুণ দর্শকরা সিনেমা দেখে চিন্তাশীল প্রশ্ন তোলে। এখন আর কোনো নির্মাতা সহজিয়া কৌতুকধর্মী ছবি বানিয়ে জোর দিয়ে বলতে পারবেন না যে দর্শক তা দেখবেই। প্রতিটি সিনেমাই যে ২০০ কোটি বা ৫০০ কোটি রুপির ব্যবসা করবে, এমনটা ভাবাও ভুল। আমার মনে হয় আমরা ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছি এবং এই কাজে দর্শকরা আমাদের সরাসরি সাহায্য করছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ বিশ্বজুড়ে ৯০০ কোটি রুপিরও বেশি ব্যবসা করে এক বিশাল বাণিজ্যিক সাফল্য লাভ করে। রণবীর কাপুর অভিনীত এই মারকুটে অ্যাকশন ড্রামা ছবিটির মূল উপজীব্য ছিল রণবিজয় বিজয় সিং এবং তার বাবা—যার চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর—তাদের মধ্যকার জটিল পারিবারিক সম্পর্ক। অতিরিক্ত সহিংসতা থাকা সত্ত্বেও ছবিটি বিপুল সাড়া ফেলে এবং এই সাফল্যের ধারাবাহিকতায় এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ নির্মাণের কাজও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, করিনা কাপুর খান বর্তমানে তার পরবর্তী ছবি ‘দায়রা’-র মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। মেঘনা গুলজার পরিচালিত এই থ্রিলার ঘরানার তদন্তমূলক ড্রামা ছবিতে করিনার সঙ্গে মূল ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় তারকা পৃথ্বীরাজ সুকুমারন। ছবিতে এই দুই তারকাকে দুই পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যারা অপ্রাপ্তবয়স্কদের অপরাধ-সংক্রান্ত একটি জটিল মামলার তদন্ত করতে গিয়ে বিপরীত মেরুতে মুখোমুখি অবস্থান নেন।
বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘দায়রা’ ছবিটি যৌথভাবে লিখেছেন মেঘনা গুলজার, যশ কেসওয়ানি এবং সীমা আগরওয়াল। জংলি পিকচার্স এবং ড. জয়ন্তীলাল গাডার পেন স্টুডিওসের প্রযোজনায় নির্মিত এই ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে পেন মরুধর। দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি