নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৮৪ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বরাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাকপুর এলাকার মৃত কুতব উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা এলাকার তাজুল ইসলামের ছেলে রাসেল (৩৫)। তারা বর্তমানে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি আর জানান, মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।