মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সিরাজগঞ্জের কাজিপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মেঘাই যমুনা ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শরিফুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ দিদারুল আহসান, উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত নৌ-পুলিশের প্রতিনিধি, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেনসহ স্থানীয় প্রতিনিধি, জেলে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জেলে, মাছ ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি বন্ধ রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়, অভিযান চলাকালে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জেলেদের মধ্যে সচেতনতামূলক প্রচার, লিফলেট বিতরণ ও বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।উল্লেখ যে, আগামী ০৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকা দুঃস্থ ও প্রকৃত নিবন্ধিত জেলেদের অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণ করা হবে।