শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবি নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করে সম্প্রীতির উৎসবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
আজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপ ঘুরে অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল আমিন অপু।
ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবি সর্বদা দেশের সীমান্ত রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ৫৯ বিজিবি’র অধীনস্থ সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় ২টি পূজা মন্ডপ রয়েছে। এছাড়াও ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে আরও ১টি পূজা মন্ডপসহ সর্বমোট ১৩টি পূজা মন্ডপের নিরাপত্তা তদারকি করছে বিজিবি।
নিরাপত্তা ব্যবস্থার বিবরণ দিয়ে লেঃ কর্নেল কাজী আল আমিন অপু বলেন, ব্যাটালিয়ন সদরসহ সীমান্তের প্রতিটি পূজা মন্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে। ফলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও গুজব প্রতিরোধে বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সাথে আমরা স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখছি।
তিনি আরও বলেন, আসুন- আমরা সবাই মিলে একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় উৎসব নিশ্চিত করি। মহানন্দা ব্যাটালিয়ন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উল্লেখ্য, বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণকালে তিনি বিজিবির পক্ষ থেকে মন্ডপগুলোতে উপহার সামগ্রী প্রদান করেন।