আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে সম্বোধন করাকে সম্মানজনক বলে মনে করেন তাঁর স্ত্রী তামান্না ফেরদৌস শিখা। তাঁর দাবি, স্বামীর বিরুদ্ধে হোটেলে নারী নিয়ে যাওয়া, নিয়োগ ও পদ বাণিজ্য কিংবা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের মতো কোনো অভিযোগ নেই। এমনকি অন্য এক ব্যক্তির সঙ্গে যুক্ত ‘চুমু শফিক’ বিশেষণের মতো নেতিবাচক পরিচিতিও তাঁর স্বামীর নেই।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বামীকে স্বাগত জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তামান্না ফেরদৌস শিখা।
এ সময় তিনি বলেন, স্বামীকে ‘আম তারেক’ নামে ডাকা হয়, যা তাঁর কাছে অত্যন্ত সম্মানের বিষয়। তাঁর ভাষ্য, এই পরিচয়ের সঙ্গে কোনো অসৎ কর্মকাণ্ড কিংবা পদ বাণিজ্যের সম্পর্ক নেই।
তামান্না ফেরদৌস শিখা বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে হোটেলে নারী নিয়ে যাওয়ার মতো কোনো কেলেঙ্কারির অভিযোগ নেই। একইভাবে নিয়োগ বাণিজ্য, পদ বাণিজ্য, স্কুলের অর্থ আত্মসাৎ কিংবা বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগও নেই বলে দাবি করেন তিনি।
এ ছাড়া রাস্তার বরাদ্দের অর্থ আত্মসাৎ, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ কিংবা নীলা মার্কেটকে ঘিরে কোনো কেলেঙ্কারির সঙ্গেও তাঁর স্বামীর নাম জড়িত নয় বলে উল্লেখ করেন শিখা।
সবকিছু বিবেচনায় ‘আম তারেক’ সম্বোধনকে ইতিবাচকভাবেই দেখেন বলে জানান তিনি। বক্তব্যের শেষাংশে তামান্না ফেরদৌস শিখা বলেন, তাঁর স্বামীর সঙ্গে ‘চুমু শফিকের’ মতো কোনো বিশেষণ যুক্ত নেই—এটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ বিষয়।