সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ধরইল ভূমি অফিসের নায়েব কাইয়ুম হোসেনের বিরুদ্ধে জমির নামজারির প্রস্তাব পাঠাতে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাইদুর রহমান আকন্দ।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাইদুর রহমান আকন্দের ভাবী মাজেদা খাতুন, সাজেদা খাতুন ও লাইলী খাতুনের নামে তাঁদের বাবা ধরইল মৌজার ৮৮ শতক জমি রেজিস্ট্রি করে দেন। ওই জমির আরএস রেকর্ড তাঁদের বাবার নামে রয়েছে। পরবর্তীতে জমির নামজারির জন্য আবেদন করা হলে (কেস নং-৫১৬৫ ও ২৬২৭) ভূমি অফিসের নায়েব কাইয়ুম হোসেন ৬৪ শতক জমির নামজারির প্রস্তাব উপজেলা ভূমি অফিসে পাঠান। পরে ওই ৬৪ শতক জমির নামজারি সম্পন্ন হয়।
অভিযোগে আরও বলা হয়, অবশিষ্ট ২৩ শতক জমির নামজারির প্রস্তাব পাঠানোর জন্য আবেদন করলে নায়েব কাইয়ুম হোসেন ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হলে তিনি অবশিষ্ট ২৩ শতক জমির নামজারির প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। তবে ওই নির্দেশনার পরও টাকা ছাড়া প্রস্তাব পাঠানো হবে না বলে ভুক্তভোগীকে জানান সংশ্লিষ্ট নায়েব। ফলে দীর্ঘদিন ধরে জমির নামজারি প্রক্রিয়া আটকে রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী ছাইদুর রহমান আকন্দ বলেন, ‘আমার ভাই অসুস্থ। তাঁর চিকিৎসার খরচ জোগাতে জমি বিক্রি করা প্রয়োজন। কিন্তু নামজারি না হওয়ায় জমি বিক্রি করতে পারছি না। এতে আমার ভাইয়ের চিকিৎসাও ব্যাহত হচ্ছে। আমি দ্রুত অবশিষ্ট জমির নামজারির প্রস্তাব উপজেলা ভূমি অফিসে পাঠানোর দাবি জানাচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে নায়েব কাইয়ুম হোসেন বলেন, ‘নামজারির প্রস্তাব পাঠানোর জন্য কারও কাছে ঘুষ চাওয়া হয়নি। হয়তো কাগজপত্রে কোনো ভুল রয়েছে, সে কারণে প্রস্তাব পাঠানো হয়নি। ভূমি অফিসে কোনো টাকা গ্রহণ করা হয় না।’