নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে চাকরির প্রলোভন ও বিনিয়োগের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রামভিত্তিক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তিদের একজন ওই প্রতারক চক্রের টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন– দিনাজপুরের বীরগঞ্জের মো. মাহফুজ আলী (৩১) ও রংপুরের কোতোয়ালির মো. আব্দুল আলিম (৩০)।
সোমবার (৯ নভেম্বর) বিকাল পাঁচটার দিকে রংপুরের কোতোয়ালি থানার শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান উইথলোকালসের (Withlocals) ওয়েবসাইট নকল করে ওই প্রতিষ্ঠানের নামে মামলার বাদী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেয়। প্রথমে তার বিশ্বাস অর্জনের জন্য ৯০০ টাকা এবং পরে বিভিন্ন সময়ে মোট ৩৪ হাজার টাকা দেওয়া হয়। এরপর নকল ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে তাকে অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।
চক্রটির প্রস্তাবে সাড়া দিয়ে ফিরোজ কায়সার মোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে তিনি পল্টন থানায় মামলা করেন। ২০২৫ সালের ১ নভেম্বর দায়ের করা ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
মামলার তদন্তে মাহফুজ আলী ওয়ার্ক নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। ছয় সদস্যের ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন মাহফুজ আলী। আব্দুল আলিম ছিলেন গ্রুপের অন্যতম সদস্য।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সিআইডি জানায়, গ্রুপটির সদস্যরা দেশজুড়ে অনলাইন প্রতারণার শিকার হতে পারেন—এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতেন। পাশাপাশি, কার কাছ থেকে কত টাকা বিনিয়োগ করানো হবে, তা প্রাথমিকভাবে নির্ধারণ করতেন তারা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় একই এলাকা থেকে আব্দুল আলিমকেও গ্রেফতার করা হয়।
সিআইডি আরও জানায়, এ মামলায় এর আগে ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া আগে গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।