কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। পরে উদ্ধার ব্যক্তিদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।