হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) ও কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)। তাদের মধ্যে সৌরভের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়, জাকিরুলের নোয়াখালীর সুধারাম উপজেলায় এবং শাওনের কুমিল্লার বরুড়া উপজেলায়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট এবং ওজন ৭ কেজি ৫০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে এপিবিএন।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার এবং চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।