রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, ক্লান্তি ও হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সেহরিতে সঠিক ও স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া খুবই জরুরি। এমন কিছু পানীয় রয়েছে, যা শরীরকে রাখে সতেজ, শক্তি জোগায় এবং রোজায় সুস্থ থাকতে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক ইফতার ও সেহরিতে কিছু স্বাস্থ্যকর পানীয়-
লেবু পানি
ইফতারে এক গ্লাস লেবু পানি শরীরকে দ্রুত সতেজ করে। এতে থাকা ভিটামিন সি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। অতিরিক্ত চিনি এড়িয়ে হালকা লবণ বা মধু ব্যবহার করলে আরও উপকার মেলে।
ডাবের পানি
প্রাকৃতিক ইলেকট্রোলাইটে ভরপুর ডাবের পানি রোজার পর পানিশূন্যতা দূর করতে দারুণ কার্যকর। এটি শরীর ঠান্ডা রাখে এবং ক্লান্তি কমায়।
দুধ
দুধে রয়েছে প্রোটিন ও ক্যালসিয়াম, যা শরীরকে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ইফতার বা সেহরিতে এক গ্লাস দুধ উপকারী।
লাচ্ছি
টক দই দিয়ে তৈরি লাচ্ছি হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখে। ভাজাপোড়া খাবারের পর এটি বিশেষভাবে আরাম দেয়।
চিয়া সিড ভেজানো পানি
চিয়া সিড ফাইবারে সমৃদ্ধ। ইফতারে চিয়া ভেজানো পানি পান করলে দীর্ঘ সময় তৃষ্ণা কম লাগে এবং হজম ভালো থাকে।
বেলের শরবত
গরমে বেলের শরবত শরীর ঠান্ডা রাখতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। রমজানে এটি একটি ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যকর পানীয়।