রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২

অনলাইন ডেস্ক: / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
-সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে প্রবীণ দম্পতিকে চেতনানাশক খাইয়ে একজনকে হত্যা ও স্বর্ণালংকার চুরির ঘটনার রহস্য মাত্র ২৪ ঘণ্টায় উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো (উত্তর)। এ ঘটনায় মূল অভিযুক্ত বিলকিছ বেগম (৪০) এবং চোরাই স্বর্ণ ক্রয়ের অভিযোগে রবিউল আউয়ালকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই স্বপ্রণোদিতভাবে মামলাটি অধিগ্রহণ করে। কোনো সঠিক ঠিকানা বা ফোন নম্বর না থাকায় তদন্ত ছিল অত্যন্ত জটিল। তবে মাত্র ২৪ ঘণ্টায় ঘটনাটির রহস্য উদ্ঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হয়েছে।

এনায়েত হোসেন মান্নান বলেন, গত ১৪ ফেব্রুয়ারি মো. মনোয়ার হোসেনের উত্তরার বাসায় এক নারী গৃহকর্মী মাসিক ৫ হাজার টাকা বেতনে কাজ নেন। কেয়ারটেকারের কাছে নিজের নাম ‘মমতাজ’ এবং বাসায় ‘মারুফা’ বলে পরিচয় দেন তিনি। এনআইডি ও ঠিকানা চাইলে পরে দেওয়ার কথা জানান।

পরদিন মনোয়ার হোসেন ও তার স্ত্রী শ্বশুরবাড়িতে গেলে বাসায় ছিলেন শুধু তার বৃদ্ধ বাবা মো. আনোয়ার হোসেন (৬৮) ও মা আয়শা আক্তার (৬২)। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাসায় এসে দেখেন আয়শা আক্তার অচেতন অবস্থায় পড়ে আছেন এবং আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

বাসায় ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান আলমারি ও কক্ষ এলোমেলো। প্রায় ১১ ভরি ১০ আনা স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা খোয়া গেছে। পাশের বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকাল ৮টা ৫৬ মিনিটে ওই গৃহকর্মী বাসায় প্রবেশ করেন এবং দুপুর আনুমানিক আড়াইটার দিকে একটি পলিথিন ব্যাগ হাতে বেরিয়ে যান।

এ ঘটনায় মনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এনায়েত হোসেন মান্নান জানান, পূর্বের অনুরূপ মামলার তথ্য ও গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়। জানা যায়, তার আসল নাম বিলকিছ বেগম। তিনি বিভিন্ন এলাকায় ছদ্মনামে গৃহকর্মীর কাজ নিয়ে চেতনানাশক প্রয়োগ করে চুরি করতেন। পিবিআইয়ের একাধিক টিম অভিযান চালিয়ে সর্বশেষ গাজীপুরের চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে আরও জানা যায়, বিলকিছ বেগমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেপ্তার অপর আসামি রবিউল আউয়াল গাজীপুরের একটি জুয়েলারি দোকানের মালিক। তার কাছে চোরাই স্বর্ণ বিক্রির কথা বিলকিছ স্বীকার করেছেন। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে নগদ ৬ হাজার ৩০০ টাকা, একটি ঔষধের খালি পাতা এবং একটি হাতব্যাগ রয়েছে।

পিবিআই নাগরিকদের গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নাম-ঠিকানা ও এনআইডি যাচাই, মোবাইল নম্বর সংরক্ষণ, পরিচিতজনের মাধ্যমে তথ্য নিশ্চিতকরণ এবং ছবি সংরক্ষণের পরামর্শ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর