কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৭ মার্চ) মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা। এ সময় বোটে থাকা ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।