সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের জানান, প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় ডাকাত জোনাব বাহিনী অবস্থান করছে।
তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের কাছ থেকে জিম্মি থাকা ১ জন জেলেকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিকে রেখে বনের ভেতরে পালিয়ে যায়। এই কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেনাম মজিবর গাজী (৫০), তিনি খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তার পরিবারকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা ছিলেন লে. খালিদ সাইফুল্লাহ (এক্স), নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস অপরাজেয় বাংলা।