রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অপরাহ্নের নৃত্য শিরোনামে এক বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩মে) সন্ধ্যায় বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখার আয়োজনে এবং স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং এবং জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. ফারুক ফয়সাল। অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন ছোটন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্যগুরু হাসিব পান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সহ-সভাপতি কাবেরী সরকার। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৃত্যশিল্পী সোনিয়া পাল ওলি।
অনুষ্ঠানের অপরাহ্নের নৃত্য পর্বে স্থানীয় বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয়, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি নৃত্যাশ্রম, নৃত্যুকুঞ্জ এবং রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী। এছাড়াও শতাধিক প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে আলোর পদযাত্রী গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চাকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মকে নৃত্যচর্চায় উৎসাহিত করবে।#