শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে ইটালি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার বিনগ্রাম হাটখোলা এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য এবং ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমানের নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এসময় নেতাকর্মীরা কাঠাল, আম, নিম, জলপাই ও বরইসহ বিভিন্ন প্রজাতির মোট ৪৫টি গাছের চারা রোপণ ও বিতরণ করেন।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান বলেন, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমরা নিমগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছি। পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নেও এটি সহায়ক ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, ইটালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি বেলালুর রহমান বেলাল, প্রচার সম্পাদক বাচ্চু আহমেদ আকাশ, উপজেলা ছাত্রদল নেতা আলভি আহমেদ আলিফ, আতিকুল রহমান, সজিব আহমেদ সাকিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।