প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে অডিট অধিদপ্তরের উপপরিচালক
মোঃ সাজ্জাদ হোসেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিদর্শন করেছেন। ১৫ জুন দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
অডিট অধিদপ্তরের নিরীক্ষা ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির শ্রেণিকক্ষ, প্রশিক্ষণ কার্যক্রম, আবাসন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বিভিন্ন সহায়ক সেবার খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন।
উপপরিচালক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তাদের জন্য বরাদ্দকৃত অর্থ ও সুযোগ-সুবিধা যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও মূল্যায়ন প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা,কাজিপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল হান্নান, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন, মেঘাই বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা পারভীন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানশিক্ষকবৃন্দ। পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।